সন্ধান২৪.কম ডেস্ক : শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক মসজিদে নামাজের সময় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে, সে দেশের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে জানা যায়।
এই বিস্ফোরণে মসজিদের একাংশ ধসে যায়। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।

এই বিস্ফোরণ হয়েছে কোহাট পুলিশ লাইনসের কাছে একটি মসজিদে। রেসকিউ ১১২২-এর প্রধান বিলাল আহমেদ ফৈজী জানিয়েছেন, নামাজের জন্য অনেক মানুষ হাজির হয়েছিলেন মসজিদে। প্রার্থনা শুরু হতেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ। পরে পুলিশ এবং উদ্ধারকারী দল এসে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মসজিদের বাইরে একটি গাড়ি অপেক্ষা করছিল। সেই গাড়িটিই সোজা মসজিদে ঢুকে পড়ে। তার পরই বিস্ফোরণ হয়। সন্দেহ করা হচ্ছে, গাড়িতে বিস্ফোরক ভর্তি ছিল। তবে পাখতুনখোয়া পুলিশের আইজি জুলফিকার হমীদ জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সেটিই কি না, তা পুরোপুরি স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরই একদল সশস্ত্র জঙ্গি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও। তার পরই জঙ্গিরা পালিয়ে যায়। আনন্দবাজার ডট কম ডেস্ক


