সন্ধান২৪.কম : নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা অস্ত্র আইনের মামলায় ২৭ বছর করে কারাদণ্ড দিয়েছন আদালত।
গতকাল ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ এ মামলায় পাপিয়া ও সুমনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিল। রায়ে বিচারক বলেন, যেহেতু পাপিয়া একজন নারী সেহেতু অস্ত্র আইনের ১৯(এ) ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে তাকে ২০ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো। একই সঙ্গে গুলি পাওয়ায় ১৯,১ (এফ) ধারায় ৭ বছর কারাদণ্ড দেয়া হলো। তার স্বামীকেও একই শাস্তি দেয়া হয়েছে। পৃথক দুই ধারার কারাদণ্ড একসঙ্গে কার্যকর হবে বলে এই দম্পতিকে মোট ২০ বছরের সাজাই খাটতে হবে। আলোচিত এই দম্পতির বিরুদ্ধে এ পর্যন্ত যে চারটি মামলা হয়েছে, তারমধ্যে অস্ত্র আইনের এই মামলাতেই সবার আগে রায় দেয়া হলো। গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেন আদালত। এর আগে ২৩ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই আরিফুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। মামলায় ১২ জনকে সাক্ষী করা হয়।


