সন্ধান২৪.কমঃ কৃষি আইনের বিরুদ্ধে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ফের দিল্লির রাস্তায় নামলেন। এর সাড়ে তিন মাস আগে অক্টোবরের গোড়ায় হাথরসে দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় শেষ বার দুই ভাইবোনকে একসঙ্গে রাস্তায় নামতে দেখা গিয়েছিল।
শুক্রবার গোটা দেশেই কংগ্রেস রাজভবন ঘেরাও এবং কিসান অধিকার দিবস পালনের ডাক দিয়েছিল। রাহুল-প্রিয়ঙ্কা আজ দিল্লিতে উপরাজ্যপালের বাসভবন রাজ নিবাস অভিযানে শামিল হন। কংগ্রেসের মিছিলে পুলিশ বাধা দেওয়ায় রাহুল-প্রিয়ঙ্কা যন্তর মন্তরে পঞ্জাবের কংগ্রেস সাংসদদের ধর্নায় যোগ দেন। গত এক মাস ধরে পঞ্জাবের কংগ্রেস সাংসদেরা ধর্না দিলেও রাহুল এত দিন সেখানে যাননি। তিনি বিদেশে থাকার সময়ে অবশ্য প্রিয়ঙ্কা তাঁদের সঙ্গে রাহুলের বাসভবনেই বৈঠক করেছিলেন। এ দিন রাহুল-প্রিয়ঙ্কা ধর্নায় যোগ দেওয়ায় স্বাভাবিক ভাবেই পঞ্জাবের সাংসদরা চাঙ্গা হয়েছেন। কিন্তু তাঁরা চলে যাওয়ার পরেই পুলিশ সাংসদদের আটক করে থানায় নিয়ে যায়।
