সন্ধান২৪.কম: সপরিবারে বঙ্গবন্ধুর খুনি কুমিল্লার খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও নাতি খন্দকার ইফতেখার আহমেদ শাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরিবারের সদস্যদের সম্পত্তি জালিয়াতি ও প্রতারণা করে বিক্রি ও আত্মসাতের চেষ্টাসহ নানা অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঙ্গলবার এ পরোয়ানা জারি করেন।
এই মামলার বাদী খন্দকার জাবির আহমেদ সারোয়ার জানান, দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের মোশতাকপুত্র খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু তাদের পূর্বপুরুষের সম্পত্তি দখলে রাখতে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। এরই মধ্যে মোশতাকপুত্র বেশকিছু সম্পত্তি জাল দলিল ও ভুয়া স্বাক্ষরে বিক্রয় করে দেন। এতে সম্পত্তির উত্তরাধিকার হিসেবে অংশীদারিত্ব পেতে তিনজনকে আসামি করে তিনি গত বছরের সেপ্টেম্বরে মামলাটি দায়ের করেন। মামলায় ইশতিয়াক আহমেদ বাবু, তার ছেলে ইফতেখার আহমেদ শাদ ও কেয়ারটেকার নিজাম উদ্দিনকে আসামি করা হয়। তিনি আরো বলেন, বর্তমানে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও খন্দকার ইফতেখার আহমেদ শাদ কানাডায় পলাতক। সম্পত্তির আরেক ওয়ারিশ কাজী রেহা কবির বলেন, খুনি মোশতাক তার নানার পরিবারের সদস্য হলেও আদর্শগত কারণে তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক নেই।
মামলার বাদীপক্ষের আইনজীবী ইফতেখার হোসেন জানান, আসামি খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও তার ছেলে খন্দকার ইফতেখার আহমেদ শাদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত মঙ্গলবার বিকালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদেশের বিষয়টি গতকাল বিকালে নিশ্চিত হওয়া গেছে। এ মামলার অন্য আসামি নিজাম উদ্দিন জামিনে রয়েছেন। দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, মামলার আসামি খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও খন্দকার ইফতেখার আহমেদ শাদ বিদেশে পলাতক আছেন।


