সন্ধান২৪.কম : সুশান্তের মৃত্যুর পর আবারও বড় ধাক্কা বলিউডে । উদ্ধার হলো অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ। হিমাচল প্রদেশের ধর্মশালা শহরের এক প্রাইভেট কমপ্লেক্স থেকে আসিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইউকে নিবাসী প্রেমিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন আসিফ বাসরা। বৃহস্পতিবার সকালে নাকি পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতেও বেরিয়েছিলেন তিনি।
ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এসএসপি কাংড়া বিমুক্ত রঞ্জন আসিফ বাসরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে বলিউডের এই অভিনেতার বাড়িতে ফরেনসিক টিম তাদের কাজ শুরু করে দিয়েছে এবং পুলিশ বিষয়টির তদন্ত করছে।

পুলিশের অনুমান, তারপর বাড়িতে ফিরে পোষ্যের বেল্টের সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৫৩ বছরের অভিনেতা। শোনা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঞ্চের মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ করেন আসিফ বাসরা। ১৯৯৮ সালে হরর-থ্রিলার সিরিজ ওহতে ইতিহাসের শিক্ষক ওমকার দীক্ষিতের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। তারপর থেকে ব্ল্যাক ফ্রাইডে, ‘জব উই মেট, কায় পো চে, কৃষ ৩’, এক ভিলেন, ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সবশেষ হোস্টেজেস সিরিজে আশগার নবির চরিত্রে অভিনয় করেছেন তিনি।