বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ইতালির রাষ্ট্রপতির নিকট পরিচয় পত্র পেশ করলেন

Il Presidente Sergio Mattarella con S.E. il Signor Shameem AHSAN,nuovo Ambasciatore della Repubblica Popolare del Bangladesh,in occasione della presentazione delle Lettere Credenziali (foto di Francesco Ammendola - Ufficio per la Stampa e la Comunicazione della Presidenza della Repubblica)

সন্ধান২৪.কমঃ গত ৪ মার্চ  নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান ইতালির রাষ্ট্রপতি সের্জিও মাত্তারেল্লার নিকট পরিচয় পত্র পেশ করেছেন। রাজধানী রোমে অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘কুইরিনাল প্যালেস’ এ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রপতির নিকট রাষ্ট্রদূত তাঁর পরিচয় পত্রপেশ করেন। রাষ্ট্রদূত মোটর শোভাযাত্রা সহযোগে ‘বাংলাদেশ হাউজ’ থেকে  ‘কুইরিনাল প্যালেস’ এ পৌঁছালে এবং বিদায়ের সময় প্রেসিডেন্ট রেজিমেন্ট এর একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে।

পরিচয় পত্র পেশ করার পর অনুষ্ঠিত একান্ত বৈঠকে ইতালির রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত এক্ষেত্রে রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে বাংলাদেশের  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।

বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা সম্পর্কে রাষ্ট্রদূত ইতালির রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ইতালীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কঠোর পরিশ্রমী অভিহিত করে এদেশের অর্থনীতিতে তাঁদের অবদানেরও প্রশংসা করেন। রাষ্ট্রদূত সম্প্রতি ‘ফ্লুসি ডিক্রি’-তে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সাথে তাঁর সহধর্মীনি পেন্ডোরা চৌধুরী, দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং কাউন্সেলর (শ্রম কল্যাণ) মোঃ এরফানুল হক এবং ইতালী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেশাদার কূটনীতিক মোঃ শামীম আহসান ইতালির আগে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ মিশন এবং পররাষ্ট্র মন্ত্রালয়ের বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন। পেস বিজ্ঞপ্তি।

Exit mobile version