সন্ধান২৪.কম ডেস্ক: একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন বাংলাদেশে । অভিনেত্রী ঋতুপর্ণা ওরফে ঋ সেন গত জানুয়ারি মাসে শুটিং শেষ করে ভাল ভাবেই কলকাতায় ফিরেছেন । কিন্তু তার পর থেকে বাধল গন্ডগোল। শুটিং শেষ করে ফিরে এলেও বকেয়া পারিশ্রমিক পাননি অভিনেত্রী। অপেক্ষা করেছেন প্রায় দেড় মাস। অগণিত বার ফোন করেছেন ছবির পরিচালক তথা প্রযোজককে। উত্তর মেলেনি। তিনি ঋতুপর্ণার ফোনই ধরেননি। শেষমেশ ধৈর্যচ্যুতি ঘটে অভিনেত্রীর। বাংলাদেশের ওই প্রযোজকের প্রতি হেনস্থার অভিযোগ এনে ফেসবুকে ক্ষোভ উগরে দেন। তবে ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে, আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেত্রী।
তা-ও মাস দুয়েক হতে চলল শুটিং শেষ করে দেশে ফিরেছেন । কিন্তু টাকা পাননি ঋ। অভিনেত্রী বলেন, ‘‘প্রায় তিন লাখ টাকা পাই। আমার কাছে এটা অনেকটা বড় অঙ্ক। আমি অনেক দিন ধরে বসে আছি। গত দেড় মাস ধরে ক্রমাগত পরিচালককে ফোন করে যাচ্ছি। তিনি ফোন তুলছেন না, যোগাযোগ পুরোপুরি বন্ধ। আমার উদ্বেগ হচ্ছে, টাকা পাব তো! শেষমেশ বাধ্য হয়ে ফেসবুকে লিখি। আমি বৃহস্পতিবার যখন প্রোডাকশনের লোকেদের সঙ্গে কথা বলি, খুব খারাপ ব্যবহার করা হয়। কেন আমি টাকা চাইছি, সেটাই আপত্তির জায়গা। সেটা আমার খারাপ লাগায় ফেসবুকে লিখি। নয়তো আমি তেমন মানুষ নই যে, ফেসবুকে নিজের ব্যক্তিগত জীবন তুলে ধরব। ’’
তবে ফেসবুকে লেখার পরই নাকি নড়েচড়ে বসেছেন প্রযোজক। টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ক্ষেত্রে ঋ-এর ঢাকার বন্ধুবান্ধব এগিয়ে এসেছেন। কিন্তু কী কারণে এমন টালবাহনা? ঋ-এর কথায়, ‘‘ আসলে টাকা পাঠানো নিয়ে সমস্যা। আমি এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না, কী সমস্যা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কায় কাজ করেছি, কোনও সমস্যা হয়নি। এই প্রথম বার বাংলাদেশে কাজ করতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হল যে, বুঝতে পারছি না, কী করণীয়। তবে একটা শিক্ষা হয়েছে। ভবিষ্যতে ডলারে কাজ করব। আর টাকায় যাতে কোনও আর্থিক আদান-প্রদান না হয়, সেটা খেয়াল রাখব।’’
তফাতটা ঠিক কোথায় ঢালিউড ও টলিউডে? ঋ বললেন, ‘‘ওখানে খুবই অতিথিপরায়ণ সকলে। অ্যাপায়ন পেয়েছি খুব ভাল। আমার জুতো থেকে ব্যাগ বয়ে দেওয়ার পর্যন্ত লোক ছিল। অন্য দিকে, টলিউডে জুতো তো কোন ছার, ব্যাগ বইতে বললে মুখ বেঁকায়। দু’জায়গারই ভাল-খারাপ দিক রয়েছে। সবই ঠিক ছিল। কিন্তু, টাকাপয়সা নিয়ে কেন এমন হল, বুঝলাম না। তবে ওঁরা কথা দিয়েছেন, টাকাটা যত দ্রুত সম্ভব দিয়ে দেবেন। টাকাটা পাওয়া অবধি অপেক্ষা করব।’’ সুত্র : আনন্দবাজার পত্রিকা
