বাইকারদের জন্য অন্যতম রোমাঞ্চকর পথ ভারতের লাদাখ। যেখানে রয়েছে বিশ্বের উচ্চতম (১৯ হাজার ৩০০ ফুট) বাইক চালানোর রাস্তা। সেই রাস্তায় বাইক চালিয়ে আট দিনে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি।
ইনস্টাগ্রাম পোস্টে বাইকে চুমু দেওয়ার ছবি পোস্ট করে কীর্তি লিখেছেন, ‘চলো, শেষ থেকে শুরু করি। গত আট দিনে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লেহ পৌঁছেছি। সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছি। এটাই আমার প্রথম বাইক ট্রিপ।’
তিনি আরও লেখেন, ‘প্রায় এক বছর আগে থেকে এই সফরের কথা ভাবছিলাম। এখন এখানে পৌঁছে গেছি।’
ভ্রমণ সঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কীর্তি লিখেছেন, এই ট্রিপের জন্য কয়েকজনকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। যারা আমার পেছনে থেকে, আমাকে আরও উঁচুতে ডানা মেলে উড়তে সাহায্য করেছে।’
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ মডেলের গাড়িটি কেনেন কীর্তি। সে সময় ঘটা করে খবরটি জানালেও পরবর্তীতে বাইক চালানো নিয়ে তেমন কিছু জানাননি। মাস ছয়েক পর এবার দিলেন নতুন চমক।
