বাম রঙে লঙ্কা হল লাল, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন অনুরা দিসানায়েক

সন্ধান২৪.কম ওয়েবডেস্ক: শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে শপথ নিয়েছেন। দেশে পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ে সোমবার শপথ নেওয়ার সময় উদ্বোধনী ভাষণে দিশানায়েকে বলেন, দেশের একটি চ্যালেঞ্জিং সময়ে তিনি দায়িত্ব নিচ্ছেন।

গণতন্ত্রকে রক্ষা করা এবং সমুন্নত রাখার ক্ষেত্রে নিবেদিতপ্রাণ হিসাবে নিজেকে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে জানান দিশানায়েকে। তিনি বলেন, “আমাদের রাজনীতি স্বচ্ছ হওয়া দরকার। আর জনগণ একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির পক্ষেই ভোট দিয়েছে। আমি এই পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

এবারের নির্বাচনে ৪২.৩১ শতাংশ ভোট পেয়ে লঙ্কার নতুন রাষ্ট্রপতি হলেন দিসানায়েক। এবারের নির্বাচনে ভোট পড়েছিল ৭০ শতাংশ। ২০১৯ সালের পর ২০২৪ এ হল রাষ্ট্রপতি নির্বাচন। এর মাঝে ২০২২ এ হয় গণ অভ্যুত্থান। সেইসময় তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে যান এবং পদত্যাগ করতে বাধ্য হন। কুরশিতে বসেন বিক্রমাসিংহ। গত শনিবার হয় ভোটগ্রহণ পর্ব। এই নির্বাচনে বিদায়ী রাষ্ট্রপতি বিক্রমাসিংহ শেষ করলেন তৃতীয় স্থানে আর দ্বিতীয় স্থানে সাজিথ প্রেমদাসা। অনুরা কুমারা দিসানায়েক ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। যার মধ্যে রয়েছে তাঁর দল মার্কসবাদী সমর্থক জনতা বিমুক্তি পেরেমুনা বা সংক্ষেপে জেপিভি।

 কে এই শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি? 

১৯৬৮ সালের ২৪ নভেম্বর একটি ছোট গ্রাম গালেওয়েলায় জন্মগ্রহণ করেন দিসানায়েক। মাত্র চার বছর বয়সে কেকিরাওয়াতে চলে আসেন তিনি। শিক্ষা শুরু হয় ডাম্বুথাগামার গামিনী বিদ্যালয়ে, এবং পরে তিনি ডাম্বুথাগামা সেন্ট্রাল কলেজে পড়াশোনা করেন। তিনি তাঁর স্কুল থেকে প্রথম ছাত্র যিনি বিশ্ববিদ্যালয়ের পড়ার যোগ্যতা অর্জন করেন। উচ্চশিক্ষা করেন কৃষি নিয়ে।

পরবর্তীতে ১৯৯৭ সালে, দিসানায়েকে জাতীয় রাজনীতিতে তার প্রথম গুরুত্বপূর্ণ পদে যোগ দেন। সেইসময় তিনি জেভিপি -এর যুব শাখা সমাজতান্ত্রিক যুব সংগঠনের জাতীয় সংগঠক নিযুক্ত হন। এরপর ২০০৪ সালে দিসানায়েক কুরুনেগালা জেলা থেকে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। একটি জোট সরকারের অংশ হিসাবে, তিনি শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (SLFP) এর সঙ্গে জোটবদ্ধ হয়ে কৃষি, প্রাণিসম্পদ, ভূমি এবং সেচ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। একজন মন্ত্রী হিসেবে, একজন দক্ষ প্রশাসক হিসেবে খ্যাতি হয়েছিল তখনই।

 

 

Exit mobile version