সন্ধান২৪.কম: দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে ১৯৭৮ সালের ফেব্রæয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা ‘জাগদল’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই বছরের ১ মে সমমনা দল ও রাজনৈতিক নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। ১৯৭৮ সালের ২৮ আগস্ট ‘জাগদল’ বিলুপ্তির ঘোষণা দেন।
তিন দিন পর ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান নতুন দল হিসেবে বিএনপির গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন। প্রতিষ্ঠার ছয় মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রæয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে।
বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নয়জন। তাদের মধ্যে জিয়াউর রহমান ছাড়া যুক্ত ছিলেন বিচারপতি আবদুস সাত্তার, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমদ ও অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অন্যতম।
এদিকে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার সহযোগী সংগঠনসমুহ নানা কর্মসূচী ঘোষণা করেছে।
৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল,নিউইয়র্ক ষ্টেট।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন, খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, অবৈধ সংসদ বাতিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবীতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও কালো পতাকার মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি।
২৮ আগস্ট দুপুর থেকে বিকেল পর্যন্ত এই সমাবেশ চলে। জাতিসংঘের মহাসচিব এন্থোনিও গুয়াতেরেস বরাবর সারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তরা বলেন,বাংলাদেশে বর্তমান সরকারের আমলে জ্বালানি তেলের দাম বেড়েছে, বিদ্যুতের লোডশেডিং, তেল-চাল-ডালের দাম বেড়েছে। সরকার রাষ্ট্রপরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতি আকাশচুম্বী। এই অবৈধ সরকার রাতের অন্ধকারে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসে, করের বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়েছে।‘বাংলাদেশের মানুষ এখন ভয়াবহভাবে বিপদের সম্মুখীন। বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, সরকারের পতন অনিবার্য।
বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপি, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম, কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ, জাতীয়তাবাদী দল লংআইল্যান্ড শাখা, (আলবেনী) নিউইয়র্ক স্টেট বিএনপি (লংআইসল্যান্ড) যুক্তরাষ্ট্র শ্রমিকদল সহ বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আহবায়ক, মোঃ অলিউল্যাহ আতিকুর রহমানের নেতৃত্বে ও সদস্য সচিব সাইদুর রহমান সাইদের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া। এ ছাড়াও বক্তব্য রাখেন সাইদুর রহমান সাইদ, নিরা রব্বানী,বদরুল হক আজাদ, ওয়াহেদ মন্ডল প্রমূখ।