বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের স্মরণ করছেন বাঙালিরা। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের সামরিক সচিবেরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রথমে প্রেসিডেন্টের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস এম এম নাঈম রহমান।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে পাঁচ জ্যেষ্ঠ নেতা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাঁদের পর ফুল দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে শহীদ মিনারে ফুল দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকসহ জ্যেষ্ঠ নেতারা।

রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল হাতে সমবেত হয়েছেন। একের পর এক দলবদ্ধ হয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তাঁরা।

Exit mobile version