সন্ধান২৪.কম : দারুণ এক জয়ে প্রথম দেখায় হারের মধুর প্রতিশোধ নিল বেলজিয়াম। ইংল্যান্ডের উয়েফা নেশন্স লিগের ফাইনালসে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে জয়ের কোন বিকল্প ছিল না । শুরুতে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় চাপ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না তারা।
লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে রোববার রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে ২-০ গোলে জিতেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। ইউরি টিলেমানস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ড্রিস মের্টেন্স।
গত মাসে ইংল্যান্ডের মাঠে ২-১ গোলে হেরেছিল বেলজিয়াম। আসরে পাঁচ ম্যাচে এটাই তাদের একমাত্র হার। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। এরিক ডায়ার নিজেদের সীমানায় বল হারালে সতীর্থের পা ঘুরে পেয়ে যান রোমেলু লুকাকু। ডান দিকে তিনি খুঁজে নেন টিলেমানসকে। লেস্টার সিটির এই মিডফিল্ডারের শট এক জনের পায়ে লেগে কাছের পোস্ট ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল। গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি, বল পোস্টের ভেতরের কানা নিয়ে দূরের পোস্ট দিয়ে ভেতরে ঢোকে।
দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লুকাকু দুই মিনিট পর রক্ষণেও নায়কের ভূমিকায় হাজির। হ্যারি কেইনের হেডে বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে লক্ষ্যেই ছিল, কিন্তু গোললাইন থেকে হেডে ফিরিয়ে দেন ইন্টার মিলানের স্ট্রাইকার লুকাকু।

দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালসে ওঠার লড়াইয়ে আছে ডেনমার্ক। পাঁচ রাউন্ড শেষে দুইয়ে থাকা দলটির পয়েন্ট ১০।
তিন নম্বরের দল ইংল্যান্ডের পয়েন্ট ৭। আইসল্যান্ডের অর্জন শূন্য।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আগামী বুধবার ঘরের মাঠে ডেনমার্কের মুখোমুখি হবে বেলজিয়াম। একই দিনে ইংল্যান্ড নিজেদের মাঠে খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।


