সন্ধান২৪.কম ডেস্কঃ লাল পতাকায় ছেয়ে যাওয়া ব্রিগেড, জমকালো মিছিল, প্রচার কোনও কিছুই কাজে এল না। নীলবাড়ির লড়াইয়ে শূন্য হাতেই ফিরতে হল সিপিএম-কে। শুধু রাজ্য বিধানসভা নয় লোকসভা, রাজ্যসভা-সহ কেন্দ্রীয় আইনসভাতেও এই মুহূর্তে অস্তিত্বহীন বাংলার সিপিএম।

কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সঙ্গে জোট বেঁধে যখন ফেব্রুয়ারি মাসে ব্রিগেডে লাল আবেগে ভাসছেন দলের নেতারা, তখনই পই পই করে তাঁদের সতর্ক করেছিলেন দলের শুভাকাঙ্খীরা। আইএসএফ-এর সঙ্গে হাত মেলানো নিয়ে দলের অন্দরেও দ্বিমত ছিল। কিন্তু তা কানে তোলার বদলে কংগ্রেস এবং আইএসএফ-এর মধ্যে মধ্যস্থতায় বেশি তৎপর ছিলেন দলীয় নেতৃত্ব।
বাম শরিক দলগুলি থেকে মিনাক্ষী মুখোপাধ্যায়, ঐশী ঘোষ এবং শতরূপ সান্যালের মতো তরুণ মুখ সামনে আনাটাও খানিকটা সমালোচনা সামাল দেওয়ার চেষ্টা বলেই মনে হতে শুরু করে। কিন্তু সমালোচনা শেষ পর্যন্ত সামাল দেওয়া গেল কি? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মতো ওজনদার প্রার্থীদের বিরুদ্ধে মাত্র ৬ হাজার ভোট পেয়েছে মিনাক্ষী। দিল্লির ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করলেও, বাংলার রাজনীতিতে আনকোরা ঐশীও জামুড়িয়ায় পরাজিত হয়েছেন। তাতে দিনের শেষে সিপিএম-এর ভাঁড়ার শূন্যই রয়ে গিয়েছে। তাদের প্রাপ্ত ভোটের হার মাত্র ৪.৭২ শতাংশ। বাম শরিক সিপিআই মাত্র ০.২০ শতাংশ ভোট পেয়েছে।
যে সময় বাংলার রাজনীতি থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে সিপিএম, রবিবার সেখানে সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়েছে। সেখানে কেরলে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিনারাই বিজয়ন। তাঁর নেতৃত্বে ৬২টি আসন পেয়েছে সিপিএম। সিপিআই পেয়েছে ১৭টি আসন।