সন্ধান২৪.কম: মানুষ তাঁর স্বপনের সমান বড়, আশার সমান সুখী আর কাজের সমান সফল। বিখ্যাত মানুষ দেখলেই সেলফোনে ছবি তোলার পরিবর্তে উল্লিখিত তিনটি অনুশীলন দ্বারা বরং নিজেই বিখ্যাত হওয়ার দিকে আমাদের সবাইকে মনোনিবেশ করতে হবে। নিউইয়র্কে ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলায় বিশ্ব খ্যাত জাদূশিল্পী মুক্তিযোদ্ধা জুয়েল আইচ একথা বলেন।
গত ৭ অক্টোবর, শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় মেরি লুইস একাডেমি, রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র ও শোটাইম মিউজিকের ব্যানারে এই মেলা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু ও ড. নুরুন নবী,লেখক বেলাল বেগ, ছড়াকার লুৎফর রহমান রিটন, ড.জিনাত নবী, মাজহারুল ইসলাম প্রমূখ। রাইটার্স ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সদস্য সচিব খালেদ সরফুদ্দিন।
নেলী ইসলাম, ছন্দা সুলতান ও শাহীন দিলওয়ারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়ার আসর বসে।
‘লেখক হুমায়ূন আহমেদ: আমার ভালো লাগা’ পরিচালনা করেন মাকসুদা আহমেদ। বেনজির সিকদার রচিত পুঁথি পাঠ করেন মৃদুল আহমেদ। ‘হুমায়ূন সাহিত্যের সৌরভ’ শীর্ষক আলচনায় অংশ নেন জ্যোতিপ্রকাশ দত্ত. ড. নুরুন নবী ও কৌশিক আহমেদ। সঞ্চালনা করেন মনজুর কাদের। শিশু কিশোদের অংশগ্রহণে ‘আমাদের প্রজন্ম আমাদের অহঙ্কার’ সঞ্চালনা করেন আবু সাইদ রতন। হুমায়ূন আহমেদের শিশুতোষ গল্প পাঠ ‘গল্পে গল্পে হুমায়ুন’ পর্বে গল্পদিদিমনি পরিচালনা করেন সাবিনা নিরু। এছাড়াও বিভিন্ন পর্বে অংশ নেন বেলাল বেগ, জি এইচ আরজু, শাহ ফিরোজ, মুমু আনসারী,নাহরীন ইসলাম, চিত্রা রোজারিও, লিয়ানা মানহা, বাঁধন, তাসকিনুল হক,কৃষ্ণা তিথি, সেলিম চৌধুরী, এস আই টুটুল, শান্তনু সাজ্জাদ, ডা. আইনুন নাহার রলি, ফরিদা ইয়াসমিন, শামীম আরা বেগম প্রমূখ।
সকাল এগারোটায় উদ্বোধনের কথা থাকলেও তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বিকেল তিনটে থেকে শুরু হয়।