মিথিলা এবার কলকাতার সিনেমায় !

সন্ধান২৪.কমঃ  গুঞ্জন ছড়িয়েছে, শিগগিরই কলকাতার সিনেমায় কাজ করতে চলেছেন মিথিলা। টালিগঞ্জের বাতাসে কান পাতলেই খবরটি শোনা যাচ্ছে। সেখানকার গুণী নির্মাতা রাজর্ষি দে’র নতুন সিনেমাতে দেখা যাবে মিথিলাকে; এমনটাই উঠে এসেছে কলকাতার গণমাধ্যমে।

গায়িকা ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা দেশের শোবিজে ভালো ভালো কাজ রয়েছে। সর্বশেষ ‘কনট্র্যাক্ট’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি।

নাম লিখিয়েছেন সিনেমাতেও। ইতোমধ্যে মিথিলা সম্পন্ন করেছেন তার প্রথম সিনেমা ‘অমানুষ’-এর কাজ। 

গেলো বছর সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ নামের একটি সিনেমা নির্মাণ করেন রাজর্ষি দে। সেটার কাজ পুরোপুরি শেষ। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে। ধারণা করা হচ্ছে, লেডি ম্যাকবেথ রাজর্ষির সিনেমায় বেশি গুরুত্ব পাবে। আর সেই চরিত্রের জন্যই নাকি বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের মিথিলাকে।

গানবাজনা মিউজিক গ্যারাজ স্টুডিও’র প্রযোজনায় নির্মিত হবে নতুন এই সিনেমা। সিংহভাগ শুটিং হবে কলকাতাতেই। ধারণা করা হচ্ছে, মিথিলার সম্প্রতি কলকাতা যাওয়ার পেছনে এই সিনেমাও একটি কারণ।

এতসব গুঞ্জনের মাঝে নির্মাতা রাজর্ষির বক্তব্য অবশ্য ভিন্ন। তিনি এটাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। রাজর্ষি বলেন, আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু মহামারি, লকডাউনের কারণে সেটি পিছিয়ে গেছে। সেই ছবি মুক্তির আগে নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না।

প্রসঙ্গত, মিথিলা কিন্তু এখন কেবল বাংলাদেশের নন। স্বামী সূত্রে তিনি এখন কলকাতারও মানুষ। কেননা ২০১৯ সালের ৬ ডিসেম্বর তিনি বিয়ে করেছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে।

যাযাদি/এসআই

 

Exit mobile version