মুজিববর্ষ’ উপলক্ষে বাংলাদেশ ও নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী অবমুক্ত করলেন স্মারক ডাকটিকেট

সন্ধান২৪.কম : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড: এ.কে.আব্দুল মোমেন,এমপি এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেফ্রি অনিয়েমা যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।

২৭ আগস্ট ২০২০ নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন-এর মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অবমুক্তকরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাইজেরিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান স্বাগত বক্তব্য রাখেন। শুরুতে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।

স্মারক ডাকটিকেট অবমুক্ত করায় নাইজেরিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে ড. মোমেন তাঁর বক্তব্যে বলেন যে বঙ্গবন্ধুর ত্যাগ, মতাদর্শ ও সংগ্রাম বিশ^ব্যাপী স্বাধীনতাকামী মানুষদের সবসময় উŤসাহ যুগিয়ে যাবে। এ স্মারক ডাকটিকেট বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন উল্লেখ করে এটি দু’দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে দৃঢ়তর করবে বলে তিনি মন্তব্য করেন। 

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেফ্রি অনিয়েমা তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতা ও সাম্যের একজন ‘আইকন’ হিসেবে অভিহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বঙ্গবন্ধু একজন প্রকৃত নেতা ও বাঙালির ন্যায়সঙ্গত দাবি আদায়ে নির্ভীক কন্ঠস্বর ছিলেন যিনি শুধু বাঙালি নয় গোটা পৃথিবীর শান্তিকামী সকল মানুষের আদর্শ নেতা ছিলেন। 

নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের (নাইপোস্ট) পোস্টমাস্টার জেনারেল/সিইও ড. ইসমাইল আডেবায়ো আদেউসি  তাঁর বক্তব্যে এ উদ্যোগের অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি স্মারক ডাক টিকেটকে একটি ঐতিহাসিক প্রকাশনা হিসেবে উল্লেখ করে বলেন যে নাইজেরিয়া ছাড়াও বহি:বিশ্বে এর উপস্থিতি অনুভূত হবে। ১০০ নাইজেরিয়ান নাইরা মুদ্রা মানের এই ডাকটিকেটটি নাইজেরিয়ার সকল ডাকঘর এবং বাণিজ্যিক রাজধানী লেগোসে অবস্থিত নাইজেরিয়ান ফিলাটেলিক ব্যুরো-তে আজ থেকে ক্রয় করা যাবে।

স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ অনুষ্ঠানে আবুজায় কূটনৈতিক কোরের ডীন এবং ক্যামেরুনের হাইকমিশনার সালাহেদিন-আব্বাস ইব্রাহিমা  এবং ভারতীয় হাইকমিশনার অভয় ঠাকুরসহ নাইজেরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম,এমপি, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারগণ, উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দও ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। কোভিড-১৯ এর বিস্তারের কারণে স্থানীয় অতিথিদের সংখ্যা অত্যন্ত সীমিত রাখা হয়।

উল্লেখ্য, নাইজেরিয়া পোস্টাল সার্ভিস (নাইপোস্ট) নাইজেরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় স্মারক ডাকটিকেট প্রকাশ করে যা মিশন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী গৃহীত কর্মসূচির একটি অংশ।

Exit mobile version