সন্ধান২৪.কম : প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। মোদী প্রধানমন্ত্রী হিসাবে অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপূজা অনুষ্ঠানে গেলে তা দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত দেবে বলেই মনে করেন ওয়েইসি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করেন তিনি।

আগামী মাসের৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দির ভূমিপূজা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ নিয়েই ওয়েইসি প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, ‘‘প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত, তিনি সেখানে ব্যক্তি হিসাবে যাচ্ছেন না প্রধানমন্ত্রী হিসাবে। তিনি যদি প্রধানমন্ত্রী হিসাবে যান তা হলে তা দেশের সংবিধানের মূল ভিত্তি, ধর্মনিরপেক্ষতা রক্ষা করার শর্ত ভঙ্গ করে।’’ তাঁর মতে, প্রধানমন্ত্রী দেশের সব সম্প্রদায় এমনকি নাস্তিকদেরও প্রতিনিধি।
ওয়েইসির মতে রামমন্দির ইস্যুটাই বিভাজনমূলক। তাঁর মতে, করোনা পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা আইন পর্যন্ত কার্যকর করা হয়েছে। তিনি আরও বলছেন, এমন পরিস্থিতিতে যদি প্রধানমন্ত্রী গিয়ে কোনও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তা হলে দেশের সব ধর্মস্থানই ভক্তদের জন্য খুলে দেওয়া উচিত। হিন্দুত্বূবাদী শক্তি কাশী এবং মথুরার মসজিদেও মন্দির নির্মাণ করতে চাইতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওয়েইসি ।