সন্ধান২৪.কম ডেস্ক : গতকাল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যালটের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত জয়ী হয়ে ইতিহাস গড়েছেন একঝাঁক প্রার্থী।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষার্ধে পা রাখার মুহূর্তে ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উভয় শিবিরেই যুক্ত হচ্ছেন বৈচিত্র্যময় একদল নতুন আইনপ্রণেতা ও গভর্নর। সিএনএন-এর ‘ডিসিশন ডেস্ক’-এ এমন খবর উঠে এসেছে।
যাদের বিজয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস হতে চলেছে:

নিউ ইয়র্ক থেকে প্রথম আদিবাসী নারী কংগ্রেস সদস্য-
নিউ ইয়র্কের ৭ম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়ে রাজ্যটির প্রথম নারী আদিবাসী আমেরিকান আইনপ্রণেতা হিসেবে কংগ্রেসে যাচ্ছেন ক্লেয়ার ভালদেস। এক মেয়াদে অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি সদস্য থাকা ভালদেসের এই বিজয় ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের বাড়তি শক্তিকে স্পষ্ট করেছে। নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় মেয়র জোহরান মামদানি শুরু থেকেই ভালদেসের পক্ষে মাঠে ছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রথম ঘোষিত সমকামী পুরুষ সেনেটর-
নিউ হ্যাম্পশায়ারের ইউএস সেনেট নির্বাচনে জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ঘোষিত সমকামী পুরুষ সেনেটর হয়েছেন ক্রিস পাপাস।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর-
জর্জিয়ার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর এবং প্রথম নারী গভর্নর হয়েছেন কেইশা ল্যান্স বটমস। একই সঙ্গে তিনি গোটা যুক্তরাষ্ট্রের ইতিহাসেই প্রথম কোনো রাজ্যের কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বটমস হারিয়েছেন ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে।
ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর-
ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হয়েছেন রিপাবলিকান দলের বায়রন ডোনাল্ডস। ডনাল্ড ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান তিনি। ভোটের লড়াইয়ের শুরুতেই ট্রাম্পের জোরালো সমর্থন পেয়েছিলেন ডোনাল্ডস।
সাউথ ক্যারোলাইনার প্রথম নির্বাচিত নারী সেনেটর-
সাউথ ক্যারোলাইনায় প্রথম নির্বাচিত নারী সেনেটর হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। টানা প্রায় তিন দশক রিপাবলিকানদের দখলে থাকা আসনটিতে তিনি ট্রাম্পের সমর্থনে নিয়োগপ্রাপ্ত সেনেটর ডারলিন গ্রাহামকে পরাজিত করে বড় অঘটন ঘটিয়েছেন।
টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর-
টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর হতে চলেছেন ডেমোক্র্যাট দলের জিনা হিনোহোসা। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে গভর্নর ভবনে থাকা প্রভাবশালী রিপাবলিকান গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন তিনি। নির্বাচনী প্রচারে গর্ভপাতসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দেয়।
কলোরাডো থেকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেস সদস্য
কলোরাডোর ১ম ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মেল্যাত কিরোস। তিনি রাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ২৯ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও আইনজীবী কিরোস।
নিউ জার্সি থেকে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য
নিউ জার্সির ১২তম ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে রাজ্যটির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হতে চলেছেন অ্যাডাম হামাভি। সাবেক এই মার্কিন সেনা সার্জন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের যুদ্ধনীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত।
মিশিগান থেকে প্রথম ঘোষিত সমকামী কংগ্রেস সদস্য
মিশিগানের ১১তম ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে অঙ্গরাজ্যটির প্রথম ঘোষিত সমকামী কংগ্রেস সদস্য হচ্ছেন সাবেক রাজ্য সেনেটর জেরেমি মস। ইউএস সেনেট নির্বাচনে লড়তে গিয়ে ডেমোক্র্যাট প্রাইমারিতে হেরে পদত্যাগ করা হ্যালি স্টিভেনসের ছেড়ে দেওয়া শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি।
ওহাইওতে প্রথম নির্বাচিত নারী গভর্নর
ওহাইওতে নির্বাচিত প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট দলের অ্যামি অ্যাক্টন। তিনি ২০০৬ সালের পর রাজ্যটিতে জয়ী প্রথম ডেমোক্র্যাট গভর্নর।
ক্যালিফোর্নিয়ায় প্রথম নির্বাচিত ল্যাটিনো গভর্নর
ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত ল্যাটিনো গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জেভিয়ার বেসেরা। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় রাজ্যে নিজেদের কর্তৃত্ব ধরে রাখল ডেমোক্র্যাটরা।


