সন্ধান২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ এ সড়কের নামফলক উন্মোচন করে।
এর আগে ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশে অবস্থিত। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, গেল ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।
সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এ উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। পাশাপাশি এ প্রকল্পে উদ্যোক্তা টিমের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূঁইয়া ও দফতর সম্পাদক শাকির ভূঁইয়া।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’


