সন্ধান২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে কেনা টিকিটে ৮৪৭ মিলিয়ন (প্রায় ৮৪ কোটি ৭০ লাখ) ডলারের পাওয়ারবল লটারি জিতেছেন এক ব্যক্তি।
২০২০ সালে প্রণীত নিউ জার্সির এক বিশেষ গোপনীয়তা আইনের কারণে এই বিপুল পরিমাণ অর্থ জেতার পরও ওই বিজয়ী চাইলে নিজের নাম-পরিচয় গোপন রাখতে পারবেন। তবে জনসমক্ষে পরিচয় গোপন রাখার সুযোগ পেলেও সরকারি নিয়মানুযায়ী ওই বিজয়ীকে ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে নিজের পরিচয় যাচাই করতে হবে।
নিউ জার্সির মন্টভেলের একটি ওয়েগম্যান্স স্টোর থেকে এই লটারীর টিকেট বিত্রুী হয়।
মূলত চাঁদাবাজি, হয়রানি, পরিচিতজনদের চাপ এবং অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে লটারি বিজয়ীদের রক্ষা করতেই এই সুরক্ষামূলক আইনটি করা হয়েছিল।
পুরস্কার হিসেবে ওই ব্যক্তি চাইলে ২৯ বছর ধরে কিস্তিতে পুরো অর্থ নিতে পারবেন, অথবা এককালীন ৩৬৩.১ মিলিয়ন (প্রায় ৩৬ কোটি ৩১ লাখ) ডলার নগদ নিতে পারবেন, যার অর্ধেকের বেশিই অবশ্য কর (ট্যাক্স) হিসেবে কেটে নেওয়া হবে।
শুধু তাই নয়, তার যদি কোনো বকেয়া চাইল্ড সাপোর্ট, স্টুডেন্ট লোন বা অন্যান্য সরকারি ঋণ থেকে থাকে, তবে পুরস্কারের টাকা হস্তান্তরের আগেই তা পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে লটারি বিজয়ীদের পরিচয় প্রকাশ করা বাধ্যতামূলক হলেও, নিউ জার্সিসহ মোট ৯টি অঙ্গরাজ্যে যেকোনো পরিমাণ অর্থ জেতার পরও বিজয়ীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আইনি সুযোগ রয়েছে।
