যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর শেষ হচ্ছে ডে-লাইট সেভিং টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

সন্ধান২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী রোববার, ১ নভেম্বর শেষ হচ্ছে ডে-লাইট সেভিং টাইম (ডিএসটি)। এদিন স্থানীয় সময় রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছনে নিয়ে রাত ১টা করতে হবে।

 এর ফলে ওই রাতে মানুষ অতিরিক্ত এক ঘণ্টা সময় পাবেন। নিউইয়র্কসহ ডে-লাইট সেভিং টাইম অনুসরণকারী যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে এ নিয়ম কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ মার্চ ডে-লাইট সেভিং টাইম শুরু হয়েছিল। নভেম্বরের প্রথম রোববার এ ব্যবস্থার সমাপ্তির মধ্য দিয়ে আবার স্ট্যান্ডার্ড টাইম বা প্রচলিত সময়ব্যবস্থা চালু হবে। আগামী বছর ১৪ মার্চ আবার ডে-লাইট সেভিং টাইম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে সময় পরিবর্তনের এই নিয়ম স্থায়ীভাবে বদলাতে এ বছর কংগ্রেসে তিন ধরনের প্রস্তাব উঠেছিল। সারা বছর দিবালোক সাশ্রয়ী সময় চালু রাখা, সারা বছর মানসম্মত সময় বজায় রাখা এবং বছরে দুইবার ঘড়ি না বদলে ৩০ মিনিটের ব্যবধান স্থায়ী করার প্রস্তাবগুলোর কোনোটিই এখনো আইনে পরিণত করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নেক্সস্টারের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবগুলো কংগ্রেসের বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে। ফলে আপাতত প্রচলিত নিয়মেই সময় পরিবর্তন করতে হবে।

কংগ্রেস উত্থাপিত ‘সানশাইন প্রোটেকশন অ্যাক্ট’ নামে একটি বিলের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে সারা বছর দিবালোক সাশ্রয়ী সময় চালু রাখা। বিলটি হাউস অব রিপ্রজেন্টেটিভেস বা প্রতিনিধি পরিষদে পাস হলেও সিনেটে কোনো অগ্রগতি হয়নি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

বিলটি আইনে পরিণত হলে নভেম্বরে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার প্রয়োজন হতো না। তবে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রিপাবলিকান জন থুনের বক্তব্য অনুযায়ী, বিলটি পাসের জন্য এখনো স্পষ্ট কোনো পথ তৈরি হয়নি। নির্বাচনের দিন পর্যন্ত সিনেটের অধিবেশন না বসার কথা থাকায় এ বছর প্রস্তাবটি কার্যকর হওয়ার সম্ভাবনাও সীমিত।

হাওয়াই এবং অ্যারিজোনার অধিকাংশ এলাকায় আগে থেকেই সারা বছর মানসম্মত সময় অনুসরণ করা হয়। ফলে সেখানে বছরে দুইবার ঘড়ির কাঁটা পরিবর্তনের নিয়ম কার্যকর নয়।

 

Exit mobile version