সন্ধান২৪.কম : উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। এরইমধ্যে দেশটির সেনাপ্রধান জাভেদ বাজওয়ার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন, যাতে ক্ষমতা হারানোর ঝুঁকি রয়েছে পাক প্রধানমন্ত্রীর। এরইমধ্যে শুক্রবার সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক আয়োজন করা হয়েছে। এ খবর দিয়েছে বিজনেস স্টান্ডার্ড।
স্থানীয় গণমাধ্যমগুলো অবশ্য জানিয়েছে, ওই বৈঠকে বেলুচিস্তানে বিদ্রোহীদের কার্যকলাপ নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তানে আসন্ন ওআইসি বা ইসলামিক দেশগুলির সম্মেলন নিয়েও আলোচনা করেন তারা। পাকিস্তানের ক্যাপিট্যাল টিভি জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ শাসকদলের বহু নেতা অধীর আগ্রহে ইমরান খান ও সেনাপ্রধান বাজওয়ার আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন।
কারণ, দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে ইমরান খান পাকিস্তান সামরিক বাহিনীর সুনজরে আসার চেষ্টা করছেন বলেও ধারণা করা হচ্ছে। এতে করে এই সংকট থেকে তার সরকার বাঁচতে পারবে।
