রাজ কপূর-দিলীপ কুমারের জন্মস্থান পাকিস্তান সংরক্ষণ করবে

রাজ কপূর-দিলীপ কুমার

সন্ধান২৪.কম : একটি রাজ কপূরের পারিবারিক হাভেলি ও জন্মস্থান, অন্যটি দিলীপ কুমারের। পেশোয়ার শহরেই এই দুইজনের দু’টি বাড়ি । বাড়ি দু’টি কিনে নিয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রাদেশিক সরকার। স্মারক ভবন তৈরি করা হবে অট্টালিকা দু’টিকে ।

দেশভাগের পরে দুই শিল্পী ভারতে চলে এসে হিন্দি চলচ্চিত্রে অভিনয়ে মন কেড়েছেন । সরকারের পুরাতত্ব বিভাগের উপরে দায়িত্ব পড়েছে জীর্ণ বাড়ি দু’টিকে সংরক্ষণের। এ জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করা হয়েছে। এক কর্তাকে বাড়ি দু’টির হাল দেখে এসে রিপোর্ট দিতে বলা হয়েছে।

পেশোয়ারের কিসা খোয়ানি বাজারেই দু’টি বাড়ি। একে তো ভগ্নপ্রায় অবস্থা, তার উপরে বিপজ্জনক ভবন বলে পুরসভা ভেঙে ফেলতে চায়। দিলীপ কুমারের পারিবারিক বাড়িটির অবস্থা বেশি খারাপ। ২০১৪-য় বাড়িটিকে জাতীয় ঐতিহ্যবাহী ভবন বলে ঘোষণা করেছিল নওয়াজ় শরিফ সরকার। কিন্তু তার পরেও বিপদ কাটেনি। বাড়িটির দখলদারেরা প্রোমোটারের সঙ্গে মিলে সেটি ভেঙে ফেলে সেখানে নতুন অট্টালিকা তুলতে চান। পুরাতত্ত্ব বিভাগ এখন সেটি সংরক্ষণে উদ্যোগী হওয়ায় তাঁরা ক্ষতিপূরণ চাইছেন।

 

Exit mobile version