লাদাখ নিয়ে ভারতের পাশে আমেরিকা

সন্ধান২৪.কম : লাদাখ নিয়ে চিন ও ভারতের  দ্বন্দ্বে  ভারতের পাশে দাঁড়ালেন মার্কিন কংগ্রেসের সদস্যেরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সেনেট— মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের সদস্যেরাই সরাসরি গোটা ঘটনার দায় চাপিয়েছেন বেজিংয়ের ঘাড়ে। দলমত নির্বিশেষে তাঁরা চিনের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানেরও প্রশংসা করেছেন।
লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে গত মে মাস থেকেই  চিনা সেনার টানাপড়েন চলছিল। যা দুই দেশের মধ্যে চরম আকার নেয় ১৫ জুন। গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনার সংঘর্ষে প্রাণ যায় ২০ জন ভারতীয় সেনার। গত কয়েক মাসে আমেরিকার সঙ্গেও চিনের সম্পর্কে টানা পোড়েন  চলছে। গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য বহু বার বেজিংয়ের ঘাড়ে দোষ চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন কংগ্রেসের বিভিন্ন সদস্য লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে  গত কয়েক সপ্তাহে একাধিক বার সরব হয়েছেন। এবং তাঁদের প্রত্যেককেই নয়াদিল্লির হয়ে কথা বলতে দেখা গিয়েছে। কেউ সভাকক্ষে দাঁড়িয়ে ভারত সীমান্তে চিনের নাক গলানোর সমালোচনা করেছেন। কেউ কেউ আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সাঁধুকে চিঠি লিখে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছেন।

বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা তথা হাউসের সদস্য ফ্র্যাঙ্ক পালোন বরাবর ভারত-মার্কিন সুসম্পর্কের উপরে জোর দিয়ে এসেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘চিনকে অবিলম্বে এই সেনা আগ্রাসন বন্ধ করতে হবে। এই দ্বন্দ্বের শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে বলে আমি মনে করি।’’ 

Exit mobile version