সন্ধান২৪. কম : ৭ নভেম্বর রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪১) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ ।
একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় পাটগ্রামে পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। নিহত শহীদুন্নবী রংপুর শহরের শালবন রোকেয়া সরণি এলাকার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক।
ডিএমপির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দলের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বলেন, লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে আলোচিত ওই হত্যা মামলার আসামি গ্রেফতারের জন্য চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির ভিত্তিতে শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে পাটগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ওয়ালিদ হোসেন জানান, গোয়েন্দা পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছিল। রংপুর থেকে একটি নৈশ কোচে সে ঢাকায় আসছে খবর পেয়ে আগেই গোয়েন্দা পুলিশ প্রস্তুতি নিয়ে ছিল। বাস থেকে নামার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, তিনটি মামলা দায়ের করা হয়েছে পাটগ্রাম থানায়, এসব মামলায় শত শত মানুষকে আসামী করা হয়েছে।


