শাহেদ ও ইয়াশের সঙ্গে মেহজাবিন চৌধুরী

ঈদের জন্য নির্মিত একটি নাটকে শাহেদ শরীফ খান ও ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকের নাম ‘মিম্মি’। জাহান সুলতানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

এ নাটকের মাধ্যমে প্রায় নয় বছর পর শাহেদের বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন। আর ইয়াশের সঙ্গে এটা তার দ্বিতীয় কাজ। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এ ধরনের পারিবারিক গল্পের নাটকে অভিনয় করতে বেশ ভালো লাগে। কাজটি খুব ভালো হয়েছে। যে বার্তাটি দেওয়ার জন্য মূলত এ নাটকে অভিনয় করা তার সঙ্গে দর্শক কানেক্টেড হতে পারবেন বলে আমার বিশ্বাস।

পৃথিবীতে যে অনেক ধরনের ভালোবাসা আছে, ছোট বড়তেও যে ভিন্ন ধরনের ভালোবাসার সৃষ্টি হতে পারে, মানুষের জীবনে দ্বিতীয়বারও ভালোবাসা আসতে পারে, এ গল্পটাই যেন তার প্রমাণ। শাহেদ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন পর কাজ করে ভালো লেগেছে। ইয়াশের সঙ্গে আবার কাজ করা হলো। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকটি ঈদে একটি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

Exit mobile version