শেখ হাসিনার পাসপোর্ট তো বাতিল! কী করে ফিরবেন? ফিরলে কী করবে সরকার?

 

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল চিত্র।

সন্ধান২৪.কম ডেস্ক :  বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির সাজা দিয়েছে। অর্থাৎ, মৃত্যুদণ্ডের খাঁড়া মাথায় নিয়েই দেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেত্রী। কিন্তু মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারই তাঁর পাসপোর্ট বাতিল করে দিয়েছিল।

তা হলে কী ভাবে হাসিনা বাংলাদেশে ফিরবেন? ফিরলে কী পদক্ষেপ করবে বর্তমান বিএনপি সরকার? অবশেষে সে বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। জানিয়ে দিলেন, বাংলাদেশে পা রাখামাত্র হাসিনাকে গ্রেফতার করা হবে। আনন্দবাজার ডট কম ডেস্ক।

এর আগে সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি দেশে ফিরে আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সম্প্রতি এএফপি-কে একটি সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, তিনি দেশে ফিরলে কী কী হতে পারে, তা জানেন। তবু নিজের দেশেই ফিরতে চান। ডিসেম্বরের মধ্যেই তা করবেন। এ প্রসঙ্গে বাংলাদেশের আইনমন্ত্রীকে বৃহস্পতিবার প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, আত্মসমর্পণের কোনও সুযোগই পাবেন না হাসিনা।

নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। মৃত্যুদণ্ডের রায়কেও রাজনৈতিক প্রতিহিংসার তকমা দিয়েছেন। হাসিনার দাবি, তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর অকথ্য অত্যাচার এবং দমনপীড়ন চালানো হচ্ছে। তাঁর লোকজন তাঁকে ডাকছেন। সেই কারণেই তিনি ঝুঁকি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে, জানিয়েছেন হাসিনা। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসিনার সঙ্গে আরও অনেক নেতা-মন্ত্রী দেশ ছেড়েছিলেন। তাঁদের সঙ্গে নিয়ে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারও তাঁর অপেক্ষায়।

আসাদুজ্জামান বলেন, ‘‘আইন আইনের পথে চলবে। আমরা আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করব না। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও বাংলাদেশি নাগরিক হিসাবে তিনি (হাসিনা) যদি আইনকে সম্মান জানিয়ে আত্মসমর্পণ করতে চান, হয়তো সেটা করার আগেই তাঁকে গ্রেফতার করা হবে। আইন আমাদের যে ক্ষমতা দিয়েছে, আমরা তা প্রয়োগ করব।’’

২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হাসিনা। দেশ ছেড়ে তখনই চলে এসেছিলেন ভারতে। তার পর বাংলাদেশে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। ইউনূসের সময়েই হাসিনার পাসপোর্টটি বাতিল করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে বিনা পাসপোর্টে কী ভাবে তিনি দেশে ফিরবেন? আসাদুজ্জামান বলেন, ‘‘সেটা তাঁর সমস্যা। আমার নয়। তবে তিনি যে মুহূর্তে দেশে পা রাখবেন, আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, আমি তা প্রয়োগ করব।’’

 

Exit mobile version