সন্ধান২৪.কম ডেস্ক: বাংলাদেশের কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, এর মধ্যে আছে একই পরিবারের ছয়জন।
কক্সবাজারে ছুটি কাটাতে গিয়ে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির মুখে পড়েছেন মো. আশিকুল ইসলাম। উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে আগুনে পুড়ে তার পরিবারের ছয় সদস্যসহ এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

জানা গেছে, ঢাকা থেকে পরিবারের ১০ সদস্যকে নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছিলেন আশিকুল ইসলাম। গত বৃহস্পতিবার সকালে কক্সবাজারে পৌঁছে তাঁরা উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ওঠেন।
কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাটুয়ারটেক এলাকায় কক্সবাজার টেকনাফ মেরিন-ড্রাইভ সড়কের ওপর অগ্নিকাণ্ডের শিকার রিসোর্টটি ।
দুই তলা কাঠামোটির একপাশে ইটের পাকা দেয়াল এবং বাকিটা কাঁঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি।
আহত অবস্থায় আশিকুলের মামা-শ্বশুর মাসুদ ও তার স্ত্রী মিলাকে আগুন থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
আশিকুলের এক স্বজন সংবাদমাধ্যমকে জানান, আগুন লাগার পর আশিকুল দোতলা থেকে লাফ দেন। এতে তিনি বেঁচে যান।
শনিবার সকাল সোয়া সাতটার দিকে সেখানে আগুনের খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার শুরু করেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিসের ধারণা, নিহত ও আহত ব্যক্তিরা সবাই পর্যটক।
পুলিশ সূত্রে জানা গেছে, টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় মোট কক্ষ ছিল নয়টি। গতকাল শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ছিলেন ১৬ জন পর্যটক।
এর আগে সকালে পাঠানো এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ওই রিসোর্টে আগুন লাগার খবর পায় তারা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।