সন্ধান২৪.কমঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিঙ্গাপুরের দুটি মসজিদে মুসলিমদের হত্যার পরিকল্পনার জন্য এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ হামলার দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে সিঙ্গাপুরে দু’টি মসজিদে হামলা করে মুসলমানদের হত্যা পরিকল্পনার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।
২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে পাশাপাশি দুটি মসজিদে নির্বিকারে গুলি চালিয়েছিলেন ব্রেন্টন ট্যারান্ট। এ হামলায় ৫১ জন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনা দুই বছর পূর্তি উপলক্ষে ব্রেন্টন ট্যারান্ট থেকে অনুপ্রাণিত হয়ে সিঙ্গাপুরের দুটি মসজিদে হামলার পরিকল্পনা করে ওই কিশোর। ব্রেন্টনের মতোই সে ঘটনার লাইভ স্ট্রিমিংয়েরও পরিকল্পনা করছিল বলে জানিয়েছে বিবিসি।

সিঙ্গাপুরের ওই কিশোরের পরিচয় প্রকাশ না করা হলেও সে ভারতীয় বংশোদ্ভূত একজন প্রটেস্টান্ট খ্রিস্টান বলে জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই কিশোর ‘চরম ইসলাম বিরোধিতা এবং সহিংসতার প্রতি আকর্ষণ থেকে অনুপ্রাণিত হয়েছে।’
সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই কিশোরের বাড়ির কাছেই দুটি মসজিদ রয়েছে- আসসায়াফাহ মসজিদ এবং ইউসফ ইসহাক মসজিদ। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এই মসজিদ দুটিতেই হামলার পরিকল্পনা করেছিল ওই কিশোর।
আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে বলেন: ‘সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল এটা জানার পরও যে সে মারা যেতে পারে এবং সে মারা যাওয়ার জন্য প্রস্তুতও ছিল।’