সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যু আকবরের সহযোগী ও দোসর হাসান বরখাস্ত

সন্ধান২৪.কম : সিলেটের ফাঁড়ি থেকে যাঁর নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর অভিযোগ, সেই উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে পালিয়ে যেতে সহযোগিতা করায়  বরখাস্ত করা হয়েছে  পুলিশ ফাঁড়ির টু আইসি উপপরিদর্শক (এসআই) হাসান উদ্দিন।

 জানা গেছে, রায়হানের মৃত্যুর ঘটনার পর বন্দরবাজার ফঁািড়র ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আকবরকে পালিয়ে যেতে সহায়তা করা এবং তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে একই ফাঁড়ির হাসান উদ্দিনের বিরুদ্ধে। এ কারণে তাঁকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

নগরের নেহারিপাড়ার বাসিন্দা রায়হানের মৃত্যুর ১০ দিন পর গতকাল বুধবারও একাধিক স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদেও বিক্ষোভ চলেছে সমানতালে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের গতকাল বুধবার কালের কণ্ঠকে বলেন, ‘রায়হান নিহতের ঘটনায় পুলিশ তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টু আইসির বিপক্ষে আকবরকে পালিয়ে যেতে সহায়তার প্রমাণ পওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

এসআই আকবরকে গ্রেপ্তারের খবর প্রসঙ্গে তিনি বলেন, ‘আকবরকে গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।’

পুলিশের হেফাজতে রায়হানের মৃত্যু এবং এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

 

 

Exit mobile version