হিন্দু বিধবারা স্বামীর কৃষি জমির অধিকারী

প্রতীকী ছবি

ঢাকা: বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হিন্দু বিধবাদের পক্ষে ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট। একটি মামলার রায়ে আদালত জানিয়েছে, হিন্দু বিধবারা তাঁর স্বামীর কৃষিযোগ্য এবং অকৃষিযোগ্য জমির অধিকার পাবেন। পুরনো আইন অনুযায়ী, হিন্দু বিধবারা শুধুমাত্র তাঁর স্বামীর ভিটের অধিকারী হতেন। মাটির নয়। এবার ভিটে-মাটির উভয়ের অধিকার পাবেন হিন্দু বিধবারা। নিজের জীবদ্দশায় সেই জমি বিক্রিও করতে পারবেন তাঁরা। এমনটাই জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্ট। ২০০৪ সালে খুলনার নিম্ন আদালতে মামলা করেন খুলনা জেলারই বাসিন্দা জ্যোতিরিন্দ্রনাথ মন্ডল। তিনি নিজের বৌদি গৌরী দাসীর বিরুদ্ধে আদালতে যান। কারণ, স্বামী অভিমুন্য মন্ডলের মৃত্যুর পর গৌরী দেবীর নামে সব জমির রেকর্ড ছিল। বৌদিকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করতে আদালতে গিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কিন্তু নিম্ন আদালত গৌরী দাসের পক্ষেই রায় দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছে হাইকোর্ট। 

 

Exit mobile version