নিউইয়র্কঃ প্রথম বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কন্ঠ শিল্পীদের পরিবেশনায় আগামী ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে বঙ্গববন্ধুকে নিয়ে সঙ্গীত-চিত্র “ফিরে এসো বঙ্গবন্ধু” ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের টাইটল স্পন্সরশিপে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘এইচডি বাংলা’ টেলিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এটি প্রকাশ হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সভাপতি একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী এবং ক্যালিফোর্নিয়ায় ‘এইচডি বাংলা’ টেলিভিশনের পক্ষ থেকে সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু’র মধ্যে ফিরে এসো বঙ্গবন্ধু সঙ্গীত-চিত্রটি নির্মাণে এক আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
‘ফিরে এসো বঙ্গবন্ধু‘ গানটি লিখেছেন কলকাতার গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী এবং গানটির সুরকার কলকাতার সঙ্গীত পরিচালক চিরন্তন ব্যানার্জি। ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্রটি চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ, কলকাতা এবং যুক্তরাষ্ট্রের লস এন্জেলেস ও নিউ ইয়র্ক শহরে।
এই সঙ্গীত চিত্রে অংশগ্রহণকারী প্রবাসী শিল্পীদের মধ্যে রয়েছেন, নিউ ইয়র্ক থেকে তনিমা হাদী ও লস এন্জেলেস থেকে মারভীন অধিকারী রুপম। ভারতের কলকাতা থেকে ২০১৭ শ্রেষ্ঠ মহিলা নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি এবং ‘ফিরে এসো বঙ্গবন্ধু’র সুরকার চিরন্তন ব্যানার্জি ও এইগানের গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী।
বাংলাদেশ থেকে নির্বাচিত কন্ঠ তারকাদের মধ্যে অংশ নিচ্ছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক প্রাপ্ত সৈয়দ আব্দুল হাদী, ২০০৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সামিনা চৌধুরী, এ.পি. শুভ। প্রেস বিজ্ঞপ্তি।