১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

সন্ধান২৪.কমঃ বাংলাদেশে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৪তম আসরের পর্দা উঠল।  এই উৎসবে ঢাকার তিনটি ভেন্যুতে ৩৭টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে । চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত সপ্তাহব্যাপী এ উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন প্রাঙ্গণে পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং প্রদীপ প্রজ্বালন করে উৎসব উদ্বোধন করা হয়। মিলনায়তনে ছিল উদ্বোধনী আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এস এম খালিদ। স্বাগত বক্তব্য দেন পরিচালক ফারিহা জান্নাত মীম। সভাপতিত্ব করেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।

 রবিবার থেকে শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে।

প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত। পুরো উৎসবটি স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে। মাস্ক পরিধানকে চলচ্চিত্র উৎসবের টিকিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উৎসবের ‘ইয়ং বাংলাদেশী ট্যালেন্ট’ বিভাগে ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতাদের নির্বাচিত ১৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাঁচটি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রয়েছে ‘মুক্তির চলচ্চিত্র’ শিরোনামে বিশেষ আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী বিভাগ। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে বাংলাদেশসহ ৩৭টি দেশের নির্বাচিত ১১৬টি চলচ্চিত্র।

 

 

Exit mobile version