দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

 

সন্ধান২৪.কম :  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

৬ মে শনিবার স্থানীয় সময় দুপুরে জ্যাকসন হাইটসের মিলনায়তনে সংবাদ সম্মেলনে ডক্টর সিদ্দিকুর রহমান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত  জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দেশে-প্রবাসে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ।

ডক্টর সিদ্দিকুর বলেন. দেশ থেকে টাকা পাচার করে যারা প্রবাসে বিলাসী  জীবন-যাপন করছেন তাদেরকে চিহ্নিত করে সামাজিক ভাবে অবাঞ্চিত করা উদ্যোগ নিতে হবে। তিনি  প্রবাসে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সচেতনা সৃষ্টি করতে শ্রেণী-পেশার মানুষের সমন্বিত কর্মসূচি গ্রহণ করার আহবান জানান। 

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবে যা যথাসময়ে সংবাদ মাধ্যমে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সিদ্দিকুর রহমান বলেন, আমাদের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আসার পর তাঁকে নিয়েই কর্মসূচি পালন করব। কিন্তু সম্ভবত এ বছরও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসবেনা। এটি ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনাই বেশী। আর তাই পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।

এক প্রশ্নের জবাবে  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ করোনার বিপর্যয়ের সময় যুগোপযোগী এবং দেশের মানুষের কল্যাণে ঘোষিত বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে অভিনন্দন জানান। 

যুক্তরাষ্ট্রের যে সকল স্টেটে এখনও কমিটি গঠন করা হয় নাই এবং মেয়াদ শেষ হয়েছে, সেই  স্টেষ্টগুলোতে সহসাই কমিটি গঠন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম । এছাড়াও দুলাল মিয়া,  মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ডিসেম্বর পর্যন্ত নেয়া ‍বিভিন্ন কর্মসূচীর কথাও ঘোষনা করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ,  সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য শাহানারা রহমান, জহির উদ্দিন, মুক্তিযোদ্ধা মজিবুল মওলা প্রমুখ।

 

Exit mobile version