সন্ধান২৪.কম : সিলেটের সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া ঝুমন দাসের মুক্তির দাবিতে ৮ সেপ্টেম্বর বিকেলে নিউ ইয়র্কের ডাইভারসিটি প্লাজায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী যুক্তরাষ্ট্র শাখা।

উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেয়ার মাঝে মাঝে প্রতিবাদী সঙ্গীত ও কবিতা আবৃত্তি করা হয়। শুরুতেই শৃঙ্খল ভাঙার গান—‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা’ ও ‘জয় বাংলা বাংলার জয়” গান পরিবেশন করা হয়।
সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবি করে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ সরকারকে উদ্দেশ্যে বলেন, আপনারা অবিলম্বে ঝুমন দাসের মুক্তি দিন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন। আর ঝুমন দাসকে মুক্তি না দিলে, কি কারণে তাকে আটক করে রাখা হয়েছে তার ব্যাখা দিন। তিনি দেশের প্রতিক্রীয়াশীল ও সাম্প্রদায়িক চক্রকে রুখতে সকল প্রগতীশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা পায়। কিন্তু ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠীরা দেশে সাম্প্রদয়িক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারই ধারাবাহিকতায় মিথ্যা অভিযোগ দিয়ে ঝুমন দাসকে ডিজিটাল আইনে গ্রেফতার করা হয়েছে। ঝুমন দাসের মুক্তির দাবিতে নিউইয়র্কে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে একথা বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ যোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় । তিনি এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে ঝুমন দাসের নিঃশর্ত মুক্তি দাবি করেন।