রাহুলকে গলাধাক্কা, হাথরস ঘিরে দিনভর তপ্ত ভারতের রাজনীতি,বেকায়দায় যোগী-মোদি

সন্ধান২৪.কম : রাহুলকে গলাধাক্কা দেয়ার ন্যাক্কারজনক ঘটনায় সারা ভারত ঘিরে দিনভর তপ্ত  ছিল রাজনীতির মাঠ । পরিস্থিতি সামাল দিতে  রাতে হস্তক্ষেপ করে ইলাহাবাদ হাইকোর্ট। হাথরস গণধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে এক সুর বিরোধীদের। 

হাথরস গণধর্ষণ ও খুনের প্রতিবাদ-প্রতিরোধ অন্য মাত্রায় পৌঁছে গেল বৃহস্পতিবার। মোদী সরকার ও যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠে ভারতের জনগণ।

বৃহস্পতিবার সেই আগুনে ঘি পড়ল রাহুল-প্রিয়ঙ্কা গাঁধী-সহ কংগ্রেসের একঝাঁক শীর্ষ নেতৃত্বের হাথরস অভিযান ঘিরে। বুধবারই ঘোষিত হয়েছিল কর্মসূচি। বৃহস্পতিবার সকালে ১৪৪ ধারা জারি করে দিয়েছিল যোগীর প্রশাসন। ফলে রাহুলদের হাথরস যাত্রা ঘিরে যে ধুন্ধুমার ঘটতে পারে, তেমন আশঙ্কা ছিলই। নয়ডার পরি চকে তাঁরা পৌঁছতেই সেই আঁচ পাওয়া যায়। আটকে দেওয়া হল রাহুল-প্রিয়ঙ্কা, অধীর চৌধুরী, রণদীপ সিংহ সুরজেওয়ালা, কে সি বেণুগোপালদের কনভয়। কংগ্রেস নেতৃত্বও নাছোড়। শুরু হয় যমুনা এক্সপ্রেসওয়ে ধরে পায়ে হেঁটে হাথরস অভিমুখে যাত্রা। কিন্তু কিছু দূর এগোতেই থামতে হয় রাহুলদের। পথ আটকায় পুলিশ। পুলিশের লাঠি, ধস্তাধস্তির মধ্যে রাহুলকে কার্যত গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ। বেড়ে যায় রাজনৈতিক উত্তেজনার পারদ।

মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে হাথরসের দলিত তরুণীর মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় যোগী আদিত্যনাথের পুলিশ-প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় তো বটেই, ছোটখাটো প্রতিবাদ-প্রতিরোধে নির্যাতিতার পক্ষে আর যোগী সরকারের বিরুদ্ধে জনমত বাড়ছিল। তার মধ্যেই মঙ্গলবার মধ্যরাতে পরিবারকে না দিয়ে পুলিশ-প্রশাসনের তত্ত্বাবধানে কার্যত চুপিসারে ওই তরুণীর দেহ দাহ করে দেওয়ায় জনরোষ বাড়ছিল যোগী সরকারের উপরে।

হাথরসে যাওয়ার পথে প্রথমে যমুনা এক্সপ্রেসওয়ের উপর রাহুল গাঁধী-প্রিয়ঙ্কা গাঁধীর কনভয় আটকায়। তার পর রাহুলকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় যোগীর পুলিশ। রাহুল-প্রিয়ঙ্কা-সহ কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীকে গ্রেফতার করা হয়। সংবাদমাধ্যম থেকে রাজনৈতিক প্রতিনিধি— কাউকেই ঢুকতে না দিয়ে কার্যত দুর্গ বানিয়ে হাথরসকে পাহারা দিল উত্তরপ্রদেশ পুলিশ। যোগীর বিরুদ্ধে ‘জঙ্গলরাজ’ আর মোদী সরকারের বিরুদ্ধে দমন-পীড়ন নীতির অভিযোগ তুলে আক্রমণের ঝাঁঝ তীব্র করল কংগ্রেস।

 

 

Exit mobile version