সন্ধান২৪.কম : নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় এবার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে শুক্রবার রাতে তল্লার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। জানা গেছে, এ বিষয়ে হতাহতের ঘটনায় চার্জশিট (অভিযোগপত্র) চূড়ান্তের পথে। এতে ৩৬ জনকে অভিযুক্ত করা হতে যাচ্ছে। সিআইডি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ৩৬ জনের বিষয়ে কাজ চলছে।
এ ৩৬ জনের মধ্যে তিতাসের ৮ জন, ডিপিডিসির দুজন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ২৬ সদস্য রয়েছে। তবে এটা কম বেশি হতে পারে। তাদের মধ্যে তিতাসের আটজন কর্মকর্তা-কর্মচারী, ডিপিডিসির দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিতাসের আটজন কর্মকর্তা-কর্মচারী জামিন পেয়েছেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।


