সন্ধান২৪.কম : খিলগাঁও থানা পুলিশ পার্সেলযোগে অভিনব পন্থায় নিউইয়র্কে ইয়াবা পাচার চেষ্টার অভিযোগে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নাহিদ পারভেজ তাহিন (৩৭), মিজানুর রহমান জুয়েল (৩৮), মোহাম্মদ ইমাম হোসেন খান রাহাত (৪০) ও মোহাম্মদ রাজীব হাওলাদার (২৮)।
৯ ডিসেম্বর খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, মঙ্গলবার ৮ ডিসেম্বর রাতে রামপুরা বনশ্রী এলাকা থেকে মাদক বেচাকেনার সময় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানা যায়, সম্প্রতি তারা কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করে। সংগৃহীত ইয়াবার চালান সোমবার নিউইয়র্কে প্রেরণের উদ্দেশ্যে জিপিও’তে জমা দেয়ার বিষয় স্বীকার করে। অভিযুক্তদের প্রদত্ত তথ্যের আলোকে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় ওই পার্সেলটি সনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই পার্সেল খোলা হয়। পার্সেলের মধ্যে দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাইয়ের ভিতর ফাঁকা জায়গায় পলিথিন দ্বারা অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। দুটি জিন্স প্যান্ট থেকে পাওয়া ৬৮টি স্ট্রাইক থেকে ২০৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের ক্রেতা-বিক্রেতাদের সর্ম্পকে তথ্য দিয়েছে। মাদক সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত অর্থ লগ্নীকারী এবং পৃষ্ঠপোষকদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে তদন্ত অব্যাহত আছে। এছাড়া এদের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের ধরতে অভিযান চলছে।
