সন্ধান২৪.কমঃ র্যাব কক্সবাজারের টেকনাফ থেকে ১০টি আগেয়াস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে । সোমবার রাত সাড়ে নয়টার দিকে টেকনাফের দমদমিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমির হোসেনের পুত্র সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের পুত্র বদি আলম (২০)। তারা দুইজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে এসব অস্ত্র সন্ত্রাসী জকির গ্রুপের কাছে নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করতো। এছাড়াও এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, কতিপয় অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী দমদমিয়ার ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে অস্ত্র পাচারের গোপন সংবাদে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ব্যক্তি দুটি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে ২ জনকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুটি বস্তা থেকে ৯টি এসবিবিএল ও ১টি ওয়ান শুটারগানসহ ১০টি অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ২ জনকে ও উদ্ধারকৃত অস্ত্রসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


