সন্ধান২৪.কমঃ পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক, সেটা আমরা সকলেই জানি। কিন্তু কোন ধরনের প্লাস্টিক বলুন তো? এইক্ষেত্রে প্লাস্টিকের তৈরি বোতল, স্ট্র, প্যাকেটের কথাই অধিকাংশ মানুষ মনে করেন। কিন্তু জানেন কি গবেষণা বলছে, সিগারেটের ফেলে দেওয়া টুকরো বা ফিল্টার পরিবেশ দূষণের অন্যতম কারণ!

সারা বিশ্বে ৪.৫ ট্রিলিয়ন সিগারেটের ফিল্টার যত্রতত্র পড়ে থাকে, যা দশ বছর পর্যন্ত মাটিতে থাকলেও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় না। অধিকাংশ সিগারেটের বাটে সেলুলোজ এসিসেট ফাইবার থাকে। যা এক ধরনের প্লাস্টিক। তাছাড়া এর মধ্যে আরও বিভিন্ন রকমের ক্ষতিকারক কেমিক্যাল থাকে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
সিগারেটের ফেলে দেওয়া অংশটুকুর মধ্যে থাকে আর্সেনিক (যা ইঁদুর মারার বিষে ব্যবহার করা হয়), লেড (যা শিশুদের ব্রেনের বিকাশে বাধা সৃষ্টি করে), এবং নিকোটিন। যত্রতত্র পড়ে থাকা এই সিগারেটের বাট সমস্তকিছুর সঙ্গে যখন খোলা রাস্তায় কোনও নিয়ম না মেনেই পোড়ানো হয়, তখন সেসব ধোঁয়া বাতাসে মিশে বায়ুদূষণ ঘটায়। এগুলোই মানুষের শরীরের মধ্যে ঢুকে বিষক্রিয়া ঘটাতে পারে, এবং মৃত্যুমুখীও করে তুলতে পারে।

শুধু যে মাটিতে মিশে গাছেদের ক্ষতি করছে তাইই নয়, এমনকি সমুদ্র, নদীর জলে মিশেও প্রাণীদের তীব্র ক্ষতি করছে এটি। মৃত সি-বার্ডস, কচ্ছপ, মাছ, ডলফিনদের শরীরে মাঝে মধ্যেই সিগারেটের বাট খুঁজে পাওয়া যায়। সেকারণেই পরিবেশবিদরা ওয়েস্টবিন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। তাছাড়াও আজকাল পকেট অ্যাস্ট্রেও পাওয়া যায়। তবে শুধু পরিবেশ নয়, সার্বিকভাবে শরীর সুস্থ রাখতে ধুমপান ছেড়ে দেওয়ার কথা সবসময়ই বলেন ডাক্তাররা।


