সন্ধান২৪.কমঃ রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন , আগামীতে আর কোনো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশ নেবে না ।

মির্জা ফখরুল ইসলামের মতে, ‘আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আর কাউকে মনোনয়ন দেব না।’
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকারের বিভিন্ন উপজেলা পরিষদে উপ-নির্বাচনে ও সব পৌরসভা নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চরম ব্যর্থতা নিয়ে গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠকে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা বিএনপি সবসময় করেছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভয়াবহ এ পরিস্থিতিতে আগামীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছিলো। কিন্তু এটা প্রমাণিত যে, বর্তমান নির্বাচন কমিশনের কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নয়। অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়নই তাদের প্রধান কাজ।
ফখরুল মনে করেন, জাতীয় প্রেস ক্লাবে আজকে ছাত্রদলের সমাবেশে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। ডিজিটাল আইনের মাধ্যমে সরকার মত-প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। অবিলম্বে এ আইন বাতিল করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।


