সন্ধান২৪.কমঃ একমাত্র মহান আল্লাহ জানেন জাতীয় পার্টির কী হবে। সারাদেশে এ দলের (জাপা) বর্তমান অবস্থা বিধ্বস্ত। যিনি দায়িত্বে আছেন তিনিও তৃণমূলকে সংগঠিত করার জন্য মাঠে নড়াচড়া করেন না। অঙ্গ সংগঠনগুলোর অবস্থাও ভালো না। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার যে স্বপ্ন ছিল তা আজ ধ্বংসের পথে। এর আগেও আমি বলেছিলাম জাপা এখন লাইফ সাপোর্টে। তৃণমূলকে সংগঠিত করার জন্য নিজেই মাঠে নেমেছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ একথা বলেছেন।
বিদিশা এরশাদ সোমবার (২২ মার্চ) দুপুরে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতের জন্য রংপুরের দর্শনা মোড়ের পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিদিশা বলেন, এরশাদের জন্মদিন উপলক্ষে যেভাবে অনুষ্ঠান করা উচিৎ ছিল তা করা হয়নি। যারা এসব দায়িত্বে ছিলেন তারা দায়সারাভাবে দিবসটি পালন করেছেন। আমরা এখানে মাসব্যাপী কর্মসূচি দিয়ে তা পালন করছি। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নতুন করে জাপাকে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিদিশা বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাপাকে নতুন করে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। মাঠে নেমে কাজ করছি। এখানে ছেলেকে নিয়ে কবর জিয়ারত করতে এসেছি।


