সন্ধান২৪.কম : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাস্ক কেলেংকারির মূল হোতা শারমিন জাহান অবশেষে গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন তিনি। পরে আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক হন। সেইসব প্রভাব খাটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের কাজ হাতিয়ে নেন। কিন্তু আসল মাস্ক সরবরাহের পরিবর্তে সরবরাহ করেন নকল ‘এন-৯৫’ মাস্ক। এ ঘটনায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ মামলা দায়েরের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন শারমিন জাহান নামে ওই নারী।
গত বৃহস্পতিবার রাতে ‘এন-৯৫’ মাস্কের পরিবর্তে নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহ করায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বিএসএমএমইউ’র প্রক্টর বাদী হয়ে দায়ের করা মামলায় সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়েছে। শারমিন জাহান সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাবেক নেতা। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত।


