পাকিস্তান: ১৫৯/৮ (শান-৫২*, ইফতিকার-৫১, অর্শদীপ-৩২/৩, হার্দিক-৩০/৩)
ভারত: ১৬০/৬ (হার্দিক-৪০, কোহলি-৮২*, রউফ-৩৬/২)
৪ উইকেটে জয়ী ভারত
সংন্ধান২৪.কম ডেস্ক: কোহলির অধিনায়কের দায়িত্বে না থাকলেও ব্যাট হাতে দলকে মধুর জয় উপহার দিলেন । ৫৩ বলে ৮২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের বদলা নিলেন। ৬টি চার ও চারটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
শেষ ওভারে প্রয়োজন ১৬ রান। টি–টোয়েন্টি বিবেচনায় নিলে খুব কঠিন কিছু নয়। তবে হিসাবটা যখন বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচে হয়, তখন সেই ১৬ রানের চাপটাও হয়ে ওঠে বিশাল। মেলবোর্নে গত রোববার হয়েছেও তাই।

মোহাম্মদ নেওয়াজের করা শেষ ওভারটা যেন থ্রিলার গল্পের শেষ অধ্যায়ে জমে ওঠা রহস্য। যেখানে প্রতি বলেই কেঁপে উঠেছে ভাগ্যের দোলক। শেষ পর্যন্ত অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে জয়টা হয়েছে ভারতেরই।
৬.১ ওভারে ৩১ রানে চার উইকেট। পাক পেসারদের দাপটে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন কেএল রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং অক্ষর প্যাটেল। সামনে তখন কার্যত রানের পাহাড়। অথচ ধুঁকছে ভারতের টপ অর্ডার। এহেন পরিস্থিতিতে যে কোনও দলেরই মাথা ঠান্ডা রেখে খেলা ভীষণ চ্যালেঞ্জের। আর তা যদি হয় ভারত-পাকিস্তান ম্যাচ, তাহলে তো কথাই নেই। কিন্তু বিষয় যখন বদলা নেওয়া আর সম্মানরক্ষার, তখন তাগিদটাও যে অনেকখানি বেড়ে যায়। শিরদাঁড়া সোজা করে তাই কঠিন লড়াইটা এগিয়ে নিয়ে গেলেন বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া। আর তাতেই মেলবোর্নে লেখা হল প্রতিশোধের ইতিহাস।

মেলবোর্নের মেঘলা আকাশে সুবিধা পাবেন পেসাররা। সে কথা মাথায় রেখেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম থেকেই দারুণভাবে টার্ন করছিল ভুবনেশ্বর, অর্শদীপদের বল। তাঁদের সুইং অ্যাটাকেই মুখ থুবড়ে পড়তে হল পাক টপ অর্ডারকে। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার তথা পাক অধিনায়ক বাবর আজম (০) খাতাই খুলতে পারলেন না। তাঁকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ। শুধু তাই নয়, তুলে নেন আরেক ভয়ংকর ব্যাটার রিজওয়ানের (৪) উইকেটটিও। আসিফ আলিকেও (২) আউট করেন তিনি।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও গোটা দেশের মন জয় করেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ভারতীয় অলরাউন্ডারও তুলে নেন তিনটি মূল্যবান উইকেট। শামি ও ভুবির ঝুলিতে একটি করে উইকেট। শান মাসুদ ও ইফতিকারের হাফ সেঞ্চুরির লড়াই এদিন ফিকে হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের দাপটে। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অভিষেকেই বাজিমাত রোহিতের। এহেন আনন্দের মুহূর্ত তিনি বাঁধিয়ে রাখতে চাইবেন বইকী।


