সন্ধান২৪.কমঃ তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতদের তালিকায় এবার এক ভারতীয়।
তুরস্কের দক্ষিণ প্রান্তে এক হোটেলের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় নাগরিক বিজয় কুমারের দেহ। গত ৬ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তুরস্কের ভারতীয় দূতাবাস থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
উত্তরাখণ্ডের ওই বাসিন্দা ব্যবসার কাজে তুরস্কে এসেছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। বিজয় কুমারের নিখোঁজের খবর আগেই জানা গিয়েছিল। ভারতীয় বিদেশমন্ত্রক ব্যবসায়ীর পরিবারের সঙ্গে যোগাযোগও রাখছিল। অবশেষে শনিবার উদ্ধার হয় বিজয় কুমারের দেহ। তাঁর মৃতদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। একাধিকবার কম্পন অনুভূত হয়। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২৫ হাজার ছাড়িয়েছে। উদ্ধারকাজে ব্যস্ত রয়েছেন অন্তত ৩২ হাজার জন।


