সন্ধান২৪.কম ডেস্ক : আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণে আক্রান্ত ইরান। এর প্রভাব পড়েছে পাকিস্তানেও। শুক্রবার দিনভর পাক রাজধানী-সহ দেশের নানা প্রান্তে মিছিল বের করল শিয়া মুসলিমরা। বিক্ষোভকারীদের মুখে ‘আমেরিকা মুর্দাবাদ’, ‘ইজরায়েল মুর্দাবাদ’ স্লোগান।
আর এতে শঙ্কিত ইসলামাবাদের মার্কিন দূতাবাস! হামলার আশঙ্কায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
হামলায় প্রাণ গিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। মধ্যপ্রাচ্যে এরপর থেকেই ঘন হয়েছে সংঘাতের কালো মেঘ।
এদিন বিপুল পুলিশি প্রহরার মাঝেই প্রায় তিনশো জন বিক্ষোভকারী দীর্ঘ মিছিল বের করেছিলেন। তাঁদের হাতে ছিল খামেনেইয়ের ছবি। মুখে ছিল ‘আমেরিকা মুর্দাবাদ’, ‘ইজরায়েল মুর্দাবাদ’ স্লোগান। সম্ভাব্য হামলার ঝুঁকি রুখতে মার্কিন দূতাবাস ও অন্যত্র স্পর্শকাতর অঞ্চলে কন্টেনার দাঁড় করিয়ে দেয় পুলিশ। এদিকে করাচিতে বাণিজ্য দূতাবাস থেকে ৪ কিমি দূরত্বে উপস্থিত হয় বিক্ষোভকারীরা। সেখানেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।


