সন্ধান২৪.কম ডেস্ক : বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় চিন্ময়কৃষ্ণের মা সন্ধ্যারানী ধরের (৭১)। সে কথা বিবেচনা করে সন্ন্যাসীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত। তার মাকে দেখতে পাঁচ ঘণ্টার জন্য ছাড়া পেলেন বাংলাদেশের চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস।
তাঁর মৃত্যুর পরে পরিবারের সদস্যেরা বন্দি সন্ন্যাসীর প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে। ওই আবেদনের প্রেক্ষিতে এ দিন দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এজলাস তাঁকে প্যারোলে মুক্তির নির্দেশ দেয়।
২০২৪ সালের নভেম্বরে ঢাকা থেকে গ্রেফতার হন চিন্ময়কৃষ্ণ। প্রায় দু’বছর অতিক্রান্ত হতে চললেও তিনি জামিনে মুক্তি পাননি। একটি মামলায় জামিন মঞ্জুর হলেও অন্য মামলায় তিনি এখনও বন্দি। গ্রেফতারির পর থেকে রয়েছেন চট্টগ্রামের জেলে। এ দিন তাঁর প্যারোলে মুক্তির নির্দেশের পর চট্টগ্রাম জেল কর্তৃপক্ষ জানান, প্যারোলের নির্দেশনামা হাতে পাওয়ার পর মুক্তি দেওয়া হবে চিন্ময়কৃষ্ণকে।
শেখ হাসিনার পতনের পরে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিস্তর অভিযোগ উঠে আসে। ওই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ২০২৪ সালের নভেম্বরে গ্রেফতার করা হয় সন্ন্যাসীকে। প্রথমে বাংলাদেশের পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারির পাঁচ মাস পরে ওই মামলায় বাংলাদেশের হাই কোর্ট জামিন দিতেই এক খুনের মামলায় গ্রেফতার দেখানো হয় চিন্ময়কৃষ্ণকে। সেই থেকে এখনও জেলেই রয়েছেন তিনি।
তাঁর গ্রেফতারির পরে বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছিল। চট্টগ্রাম-সহ একাধিক এলাকায় অশান্তি হয়।


