সন্ধান২৪.কম : বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক তরুণ কন্ঠ‘র যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম।
সম্প্রতি দৈনিক তরুণ কন্ঠ‘র প্রধান সম্পাদক ও প্রকাশক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রায় ২৮ বছর ধরে মোহাম্মদ আবুল কাশেম নিউইয়র্ক থেকে প্রকাশিত বেশ কয়েকটি সাপ্তাহিক সংবাদপত্রে সাংবাদিক হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমান আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের ২ মেয়াদে কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ দিয়েছেন।

নিউইয়র্কের সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ কাশেম সাপ্তাহিক দর্পনে ১৯৯৮ থেকে ২০০৮ সাল, সাপ্তাহিক ঠিকানায় ২০০৮ থেকে ২০১৮ এবং বাংলাদেশ প্রতিদিনে ২০১৮ থেকে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন।
বর্তমানে কাশেম নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জাগো প্রহরী‘র সহকারী সম্পাদকের দায়িত্বে আছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ‘৭১ মনীষী ’ নামে সংকলিত একটি বইয়ের সম্পাদনা করেছেন।
গত ৩০ বছর যাবৎ নিউইয়র্কে বিভিন্ন সংবাদপত্রের সাথে যুক্ত থেকে সাংবাদিকতার ক্ষেত্রে কাশেম কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা অর্জন করেছেন।
এদিকে দায়িত্ব গ্রহণের পর দৈনিক তরুণ কন্ঠ‘র যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমকে অনেকেই ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আবুল কাশেম বলেন, ‘দেশের অন্যতম শক্তিশালী গণমাধ্যম তরুণ কন্ঠকে আরও এগিয়ে নিতে,নিরপেক্ষতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে নতুন উদ্যমে কাজ করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আবুল কাশেম বাংলাদেশে ১০ বছর সরকারী ২টি প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কাজ করেছেন ।
নিউইয়র্কে সংবাদ পরিবেশনের সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন এবং পাঠকদের মননকে সমৃদ্ধ করতে কাশেম তার লেখনিতে সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করবেন সন্ধান২৪.কম সেই প্রত্যাশা করে।


