সন্ধান২৪.কম ডেস্ক : বাংলাদেশের খুলনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফের কালি দেওয়া হল। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
রবিবার বাংলাদেশের খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে আঁকা ওই ছবিতে কালি লেপে দেওয়া হয়। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর দেওয়া হয় পুলিশকে।
প্রসঙ্গত, এর আগে গত ১০ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছিল পুলিশ।
ঘটনাচক্রে, ১৬ দিন আগে, গত ৬ নভেম্বর এই একই জায়গায় রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়া হয়েছিল। পাশে সাঁটানো দু’টি পোস্টারের শিরোনাম অংশে লেখা ছিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’। কবির দেওয়ালচিত্রে কালি দেওয়ায় সেই সময় ক্ষোভপ্রকাশ করেছিলেন সাংস্কৃতিক জগতের অনেকে। তার পর ওই জায়গাতেই নতুন করে রবীন্দ্রনাথের ছবি আঁকা হয়। এ বার সেই ছবিতেও কালি দেওয়া হল।
বাংলাদেশের যশোর রোডের পাশে রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথ ছাড়াও কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুলচন্দ্র রায়ের ছবি রয়েছে। আছে বাংলাদেশের ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প, সুন্দরবনের ছবিও। চিত্রশিল্পী এসএম সুলতান এবং নজরুল ইসলামের ছবির ঠিক মাঝে রবীন্দ্রনাথের ছবিটি রয়েছে। কিন্তু অন্য দেওয়ালচিত্রগুলি অবিকৃত থাকলেও কেবল রবীন্দ্রনাথের ছবিতেই কালি দেওয়া হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-কে বলেন, “সম্ভবত শনিবার রাতে এটি ঘটেছে। রবিবার দুপুর ১২টার দিকে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আগেরবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় কোনও সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখেছে। আগের ঘটনার সঙ্গে এ বারের ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।” আনন্দবাজার ডট কম ডেস্ক


