সন্ধান২৪.কম : স্বামীর চলন্ত প্রাইভেটকার থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন স্ত্রী । ঘটনার পর স্বামী মোহাম্মদ আলীকে থানা হেফাজতে রাখা হয়েছে।
শনিবার সকালে বাঘার মীরগঞ্জ এলাকায় শশুরবাড়ি থেকে ফাঁকি দিয়ে স্ত্রী জুলিয়াকে ঢাকা নেওয়ার পথে তিনি প্রাইভেটকার থেকে ঝাঁপ দিয়ে আহত হন। পরে রামেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, আজ থেকে প্রায় ৬ বছর আগে জুলিয়া খাতুনের (২০) বিয়ে হয় রাজবাড়ী জেলার শহিদুল মন্ডলের ছেলে মোহাম্মদ আলীর (২৭) সাঙ্গে। শহিদুল গার্মেন্ট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকায় বর্তমানে ঢাকার একটি ভাড়া বাসায় থাকেন।
জুলিয়ার মামা মকুল হোসেন জানান, সম্প্রতি মেয়ে জামাই-এর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ কারণে গত একমাস ধরে জুলিয়া তার মা-বাবার বাড়িতে অবস্থান করছিল এবং ঢাকায় যেতে চাচ্ছিল না। হঠাৎ শুক্রবার জামাই তার পাইভেটকার নিয়ে শশুরবাড়ি মীরগঞ্জে বেড়াতে আসে। এরপর শনিবার সকাল ১০টার সময় বাঘা মাজার শরিফ দেখতে আসার কথা বলে স্ত্রী-পুত্রকে পাইভেটকারে নিয়ে বাড়ি থেকে বের হয়। অতঃপর মাজারে না গিয়ে বাঘা বাজার অতিক্রম করে জামাই ঢাকার উদ্দেশ্যে গাড়ি চালাতে থাকলে জুলিয়া বিষয়টি বুঝতে পেরে গাড়ির দরজা খুলে মাটিতে ঝাঁপ দেয়। এরপর একটি মাইক্রোযোগে জুলিয়াকে রামেক হাসপাতালে নিলে পথিমধ্যে সে মারা যায়।


